এবার মুখে শ্বাস দিয়ে মাকে বাঁচানোর চেষ্টা দুই বোনের

 

বেশ কিছুদিন আগে করোনায় মৃত্যুপথযাত্রী স্বামীর মুখে মুখ দিয়ে কৃত্রিম উপায়ে বাঁচানোর চেষ্টা করেছিলেন স্ত্রী। আর এই ঘটনার ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ছবি ভাইরাল হতেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। ছবিটি থেকে আরো একবার প্রকাশ পায় করোনা মোকাবেলায় কতটা অসহায় হয়ে পড়েছে ভারত। এবার এমনই এক ঘটনা ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের বহরাচ জেলার একটি সরকারি হাসপাতালে।


নতুন এ ঘটনার বিষয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, একটি স্ট্রেচারে করে দুই বোন তাদের করোনা আক্রান্ত মাকে মুমূর্ষ অবস্থায় নিয়ে এসেছিলেন হাসপাতালটিতে। মাকে নিস্তেজ হতে দেখে তার দুই মেয়ে মুখে মুখ দিয়ে মাকে শ্বাস দেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত তারা মাকে বাঁচাতে পারেননি।



গত শনিবার ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়ামাত্র ভাইরাল হয়। সেই ভিডিওতে অনেককে অক্সিজেনের ঘাটতি ও হাসপাতালের কর্মীদের তৎপরতা নিয়ে অভিযোগ করতে শোনা গেছে।


হাসপাতালটির জরুরি বিভাগের মেডিকেল অফিসার আহতিসাম আলী এ বিষয়ে জানান, ওই নারীকে শেষ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক তাকে দেখতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মারা যান।




অন্যদিকে ওই মেডিকেল কলেজের অধ্যক্ষ এ কে সাহনী এ বিষয়ে জানান, চিকিৎসা শুরুর আগেই ওই নারী মারা যান। মারা যাওয়া ওই নারীর দুই মেয়ে আবেগাপ্লুত হয়ে মায়ের মুখে মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করেছেন। ওই হাসপাতালে অক্সিজেনের সংকট নেই বলেও তিনি দাবি করেন।


প্রসঙ্গত, ভারতে ভয়ানক আকার ধারণ করেছে করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। হাসপাতালে সিট মিলছে না রোগীদের। আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেনের হাহাকার শুরু হয়েছে হাসপাতালগুলোতে। পুরোপুরি ভেঙ্গে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৫১৭ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জন।

Post a Comment

Previous Post Next Post