এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ প্রকাশ করেছিল। একই ভাবে এবার প্রকাশ করল এসএসসি পরীক্ষার কেন্দ্রওয়ারী শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা।
মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।
এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১ লাখ ৩৮ হাজার ৯০৪টি পরীক্ষা কেন্দ্রে। যদি কোন কেন্দ্র সংক্রান্ত সমস্যা থাকে তাহলে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করার জন্য বলা হয়েছে। আবেদনের শেষ সময় ২৪ মার্চ দুপুর ২টা।
এর আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে ২৮ মার্চ প্রকাশ করা হবে। সম্ভাব্য তালিকা থেকে আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ সময় ৮ এপ্রিল। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এসএসসির ফরম পূরণ করা যাবে।
