গাজীপুরে স্ত্রী-সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর তালাবদ্ধ ঘরে লাশ রেখে পালানোর অভিযোগ উঠেছে এক রিকশাচালকের বিরুদ্ধে।
রোববার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর মহানগরের বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— টাঙ্গাইল মধুপুরের মো. মফিজের স্ত্রী রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)। তারা মহানগরের বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মফিজ (৬০) ঢাকা মহাখালী এলাকায় রিকশা চালাতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত ১টার দিকে মো. মফিজ ঘরের মধ্যে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
নিহত রহিমার স্বজনরা জানান, কয়েক দিন ধরে রাতে কথা কাটাকাটি করতেন তারা। বিভিন্ন সময় টেনেহেঁচড়ে মারধর করতেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে বাসায় ফেরে মফিজ। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করেন।
স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘর বাইরে থেকে তালা লাগিয়ে দৌড়ে পালিয়ে যান মফিজ।
গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।