সুইফট থেকে রাশিয়াকে নিষিদ্ধ ঘোষণা

 


বৈশ্বিক আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয়েছে জার্মানি ও এর পশ্চিমা মিত্ররা। গতকাল শনিবার জার্মান সরকারের এক মুখমাত্র ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে নিষেধাজ্ঞার তৃতীয় প্যাকেজ নিয়ে কথা বলার সময় এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।


তিনি জানান, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি এবং ইউরোপীয় কমিশন রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে একমত হয়েছে। রাশিয়ার আগ্রাসন রুখতে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অর্থনৈতিক সক্ষমতা সীমিত করা জরুরি।


জার্মান সরকারের মুখপাত্র আরও জানান, ধনী রাশিয়ান এবং তাদের পরিবারের গোল্ডেন পাসপোর্ট বন্ধ করা হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে এমন সংস্থার প্রাতিষ্ঠানিক এবং তার দায়িত্বে থাকাদের ব্যক্তি পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।


সুইফট কী: সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো আন্তর্জাতিক লেনদেনের প্রধান মাধ্যম। এর মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য সহজভাবে পরিচালনায় ব্যাংকগুলো দ্রুত এবং নিরাপদে বৈশ্বিক লেনদেন করে থাকে। এ প্লাটফর্ম ব্যবহার করে ২০২০ সালে প্রতিদিন প্রায় ৩৮ মিলিয়ন লেনদেন হয়েছে, যা ট্রিলিয়ন ডলার মূল্যের লেনদেন সুবিধা দিয়েছে।

Post a Comment

Previous Post Next Post