দই টক, কনের বাবাকে হত্যা

 


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বরযাত্রীকে পরিবেশন করা দই টক হওয়ায় কনের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকায় বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।


নিহতের স্ত্রী জোসনা আক্তার ১৭ জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে কসবা থানায় এজাহার জমা দিয়েছেন।


জানা গেছে, নিহত ইকবাল হোসেনের (৫০) মেয়ের সঙ্গে মঙ্গলবার দুপুরে পাশের গ্রাম বিষ্ণাউড়ির দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়েতে বরযাত্রী আসতে দেরি হয়। তারা আসার পর খাবার পরিবেশন করলে দুজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয় দুপক্ষের। পরে মুরব্বিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা হয়।


নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পরদিন বুধবার রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান ইকবাল। সেখানে বরপক্ষের ৫-৬ যুবকের সঙ্গে দই টকের বিষয়ে আবারও কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে বরপক্ষের লোকজন তাকে মারধর করেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


কসবা থানা পুলিশের পরিদর্শক আলমগীর ভূঁইয়া জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Post a Comment

Previous Post Next Post