বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ-কে (Ileana D’Cruz) তাঁর সৌন্দর্য দেখাবার জন্য পারফেক্ট বডি ইমেজ-এর ফটোশ্যুট করতে দেখা যায়নি। তার পেছনের কারণ তিনি প্রকাশ করেছেন। ভারতীয় সমাজে মেয়েদের অবস্থান ঠিক কোথায়, এই প্রসঙ্গে তাঁর নিজের অতীত অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি বলেন, কিশোরী বয়সে তাঁকে নানা ভাবে বডি শেমিং করা হত।
Bollywood Bubble-এর সঙ্গে সম্প্রতি তাঁর কথোপকথন হয়। অভিনেত্রী তাঁর অভিজ্ঞতা সম্পর্কে খোলামেলা অনেক কথা বলেন। তাতে উঠে আসে বডি শেমিং প্রসঙ্গ। ইলিয়ানা স্পষ্ট ভাষায় বলেন, "অনেকেই তাঁকে নিয়ে বডি শেমিং করেন, তাতে তাঁর কিছু আসে যায় না, তবে এই ট্রোলগুলো সামলাতে নিজের অনেক মানসিক শক্তির প্রয়োজন পড়ে।" ইলিয়ানা আরও বলেন, “অভিনয় কেরিয়ারের প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে কুসংস্কার ও টাইপকাস্টিংয়ের মুখোমুখি হয়েছিলাম আমি”। এছাড়াও অভিনেত্রীর যখন মাত্র ১২ বছর বয়স, তখন কিছু খারাপ ঘটনার সম্মুখীন হতে হয়। ইলিয়ানা বলেন, কেউ কেউ তাঁকে দেখে বলতেন, ‘ওহ মাই গড, হোয়াই ইজ ইওর বাট সো বিগ'?
তাঁকে নিয়ে করা এই সব মন্তব্য সেই সময় অনেক কষ্ট দিয়েছিল, তবে সময়ের গতিতে এগুলিকে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ইলিয়ানা। অভিনেত্রী এই কথা গুলি বলার সময় সমাজকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চেয়েছেন, কোনও মেয়ের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। যাঁরা বডি শেমিং বিষয়টাকে উপভোগ করেন সেই সমস্ত লোকদের একটু সংবেদনশীল হওয়া প্রয়োজন আছে। তবে যেহেতু কেউ অন্যকে পরিবর্তন করতে পারে না, তাই নিজের মন শক্ত করা ভালো ও নিজের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। অভিনেত্রী এই বলে কথা শেষ করেন ও বলেন, তিনি আর এই সমস্ত কিছু নিয়ে বিরক্ত হন না।
ইলিয়ানাকে বরফি(Barfi!), ফাটা পোস্টার নিকলা হিরো (Phata Poster Nikhla Hero), ম্যায় তেরা হিরো (Main Tera Hero) ছাড়াও দ্য বিগ বুল-এ (The Big Bull) অভিনেত্রীকে মীরা রাও-এর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবিতে সাংবাদিক হর্ষদ মেহতার ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। এর পর রণদীপ হুডার (Randeep Hooda) সঙ্গে তাঁর পরবর্তী সিনেমা আনফেয়ার অ্যান্ড লাভলির (Unfair & Lovely) খুব শীঘ্রই মুক্তির সম্ভাবনা রয়েছে।
