করোনাভাইরাসের উচ্চ ঝুঁকিতে রয়েছে ঢাকার ১৭টি থানা। আইইডিসিআরের উপাত্তে এই তথ্য দেওয়া হয়েছে।
সারা দেশে গড়ে ১৩ দশমিক ৬৫ শতাংশ হারে সংক্রমণ হলেও রাজধানীর অন্তত ১৭টি স্থানে এই হার ৩০ শতাংশেরও বেশি পাওয়া গিয়েছে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মকর্তাদের মতে, যে এলাকায় সংক্রমণের হার ৩০ শতাংশের বেশি সে এলাকা উচ্চ পর্যায়ের ঝুঁকি রয়েছে। আর যেখানে এই হার ২০ শতাংশের বেশি তা মধ্যম পর্যায়ের ঝুঁকিতে রয়েছে যা যেকোনো সময় উচ্চ ঝুঁকিতে রূপান্তরিত হতে পারে।
আইইডিসিআর’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঢাকার রূপনগর ও আদাবর থানায় সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই দুই এলাকায় সংক্রমণের হার যথাক্রমে ৪৬ ও ৪৪ শতাংশ।’
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সংক্রমণের হার বেশি। সেখানে মোট ১৪ হাজার ৩৩২টি নমুনা পরীক্ষা করে পাঁচ হাজার ১০৩ জনের করোনা রোগী পাওয়া গেছে। যেখানে সংক্রমণের হার ৩৬ শতাংশ।
অপরদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মোট ৩৬ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষা করে দশ হাজার ৪৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যেখানে সংক্রমণের হার ২৯ শতাংশ।
এছাড়াও, ৩০ শতাংশের চেয়ে বেশি সংক্রমণের হয়েছে এমন এলাকার মধ্যে আছে শাহ আলী, রামপুরা, তুরাগ, মিরপুর, কলাবাগান, তেজগাঁও, মোহাম্মদপুর, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, চকবাজার, সবুজবাগ, মতিঝিল, দারুস সালাম ও খিলগাঁও এলাকা।
২০ শতাংশের চেয়েও বেশি সংক্রমণের হার শাহবাগ, বংশাল, লালবাগ, শাহজাহানপুর, রমনা, কামরাঙ্গীরচর, শ্যামপুর, বাড্ডা, বনানী, উত্তরখান, দক্ষিণখান, শেরেবাংলা নগর, সূত্রাপুর, যাত্রাবাড়ী, পল্লবী, কাফরুল, ডেমরা, ওয়ারী, ভাটারা, খিলক্ষেত, কদমতলী ও পল্টন এলাকায়।
