একনজরে কবি শঙ্খ ঘোষ

 

ভারতে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ কেড়ে নিল প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের প্রাণ। বুধবার ৮৯ বছর বয়সে তিনি পরলোকগমন করেন।


১৯৩২ সালে অবিভক্ত বাংলার চাঁদপুরে জন্মগ্রহণ করেন শঙ্খ ঘোষ। তার আসল নাম চিত্তপ্রিয় ঘোষ।


কলতাকার প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন কবি শঙ্খ ঘোষ। পেশা হিসেবে অধ্যাপনাকেই বেছে নেন। কলকাতার বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।


১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক লেখক কর্মশালায় যোগ দেন। পরে দিল্লি বিশ্ববিদ্যালয়, সিমলার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন শঙ্খ ঘোষ।


জীবদ্দশায় বহু পুরস্কার পেয়েছেন তিনি। ১৯৭৭-এ ‘মূর্খ বড়, সামাজিক নয়’ কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার, ওই বছরই ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান শঙ্খ। 


১৯৮৯ সালে ‘ধুম লেগেছে হৃদকমলে’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার, ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’-এর জন্য সরস্বতী পুরস্কার পান। ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার পান।


১৯৯৯ সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানে এবং ২০১১ সালে ভারত সরকারের পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন।


কবিতার পাশাপাশি রবীন্দ্রচর্চাতেও প্রসিদ্ধি ছিলেন তিনি। ‘ওকাম্পোর রবীন্দ্রনাথ’ তার উল্লেখযোগ্য গবেষণা গ্রন্থ। প্রাবন্ধিক হিসেবেও সুবিদিত ছিলেন। ‘শব্দ আর সত্য’, ‘উর্বশীর হাসি’, ‘এখন সব অলীক’ উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ রয়েছে তার।

Post a Comment

Previous Post Next Post