করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ১৪ এপ্রিল থেকে সাতদিনের জন্য ‘সর্বাত্মক লকডাউন’ দিচ্ছে সরকার। সরকারি-বেসরকারি সব অফিস এ সময় বন্ধ থাকছে। তবে খোলা থাকছে শিল্প-কারখানা। সর্বসাধারণকে এ সময় সতর্ক থাকতে হবে, ঘরের বাইরে আসা যাবে না। শুধু জরুরি সেবা চালু থাকবে। সব যানবাহনও বন্ধ থাকবে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে রবিবার (১১ এপ্রিল)বলেন, ‘সরকারি-বেসরকারি অফিস, গণপরিবহন ও ব্যাংক বন্ধ থাকবে। তবে চালু থাকবে শিল্প-কারখানা।’
মন্ত্রিপরিষদ বিভাগের ওই কর্মকর্তা আরও বলেন, ‘আপাতত এসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রজ্ঞাপনে বিস্তারিত উল্লেখ থাকবে।' কবে প্রজ্ঞাপন জারি হবে— জানতে চাইলে তিনি বলেন, ‘সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে।’
এর আগে রবিবার বিকেল ৩টায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে একটি বৈঠক হয়। বৈঠকে এ সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়।
অপরপক্ষে, করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (১১ এপ্রিল)। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে কঠোর ও সর্বাত্মক লকডাউন। মাঝের দুদিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল তাহলে কী হবে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘নিষেধাজ্ঞার ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিলও।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সরকার লকডাউন ঘোষণা করে। ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন হবে, এ সময় আমাদের বৃহত্তর স্বার্থে জরুরি সেবা ছাড়া সবাইকে ঘরে অবস্থান করতে হবে। প্রয়োজনীয় নির্দেশনাসহ সরকার সময়মতো প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান তিনি।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, ১৪ এপ্রিল থেকে সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের জন্য হলেও এটি কার্যকর করা হবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা আছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ প্রসঙ্গে বলেন, সরকার ১৪ থেকে ২০ তারিখ পর্যন্ত এক সপ্তাহ কঠোর লকডাউনে যাচ্ছে, যেটি হবে কমপ্লিট (পূর্ণাঙ্গ) লকডাউন। এই লকডাউনের সময় বাড়ানো হবে কি না তা নিয়ে ২০ তারিখে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, মানুষের কাছে মেসেজ হলো- সতর্ক থাকতে হবে, বাইরে আসা যাবে না। এটি অত্যন্ত কঠিন একটি লকডাউন হবে। অফিস-আদালত বন্ধ থাকবে, বাইরে আসা যাবে না। শুধু জরুরি সেবা চালু থাকবে৷ সব যানবাহনও বন্ধ থাকবে।
