বাবাকে ‍‍`হুজুর‍‍` সাজিয়ে প্রেমিকাকে বিয়ে, অতঃপর ধর্ষণ মামলা!

 


মোবাইলের রং নম্বরে পরিচয়ের পর প্রেম করে প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে নিজের বাবাকে 'হুজুর' সাজিয়ে দোয়া পড়িয়ে বিয়ে করেন প্রেমিক জান্নাতুল বাকী। এই মৌখিক বিয়ের পরেই শুরু হয় সংসার। একপর্যায়ে বাকীকে বিয়ে নিবন্ধনের কথা বললে স্ত্রীকে তাড়িয়ে দেন বাকী। পরে স্বামী জান্নাতুল বাকীর নামে ধর্ষণ মামলা করেন স্ত্রী। 


ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার এ ঘটনার ১০৩ দিন পর পুলিশ অভিযুক্ত জান্নাতুল বাকীকে গ্রেপ্তার করে আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠায়।


মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামের এক তরুণীর (১৯) সঙ্গে মোবাইলে পরিচয় হয় ঈশ্বরগঞ্জ উপজেলার উছারগাতি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে জান্নাতুল বাকীর (২১)। একপর্যায়ে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। প্রেমের একপর্যায়ে জান্নাতুল বাকী তরুণীকে নিজ বাড়িতে ডেকে এনে বিয়ের প্রস্তাব দেন। দুজন রাজি হওয়ায় গত বছরের ২৩ ফেব্রুয়ারি বিয়ের সিদ্ধান্ত হয়। 


আরো জানা যায়, ওইদিন রাতে প্রেমিক তাঁর বাবা আব্দুর রাজ্জাককে 'হুজুর' সাজিয়ে দোয়া পড়িয়ে বিয়ের কাজ সম্পন্ন করেন। এ সময় প্রেমিকা নিবন্ধনের কথা বললে পরে করিয়ে নেবেন বলে সংসার শুরু করেন। কয়েক দিন পর বাকীকে বিয়ে নিবন্ধনের কথা বললে স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। 


এ ঘটনায় গত বছরের ২৫ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ থানায় জান্নাতুল বাকীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন স্ত্রী। এর পর থেকেই অভিযুক্ত জান্নাতুল বাকী পলাতক ছিলেন।


মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক কাউসার আহম্মেদ জিয়াদ এ ঘটনার বিষয়ে জানান, গোপন সংবাদের ভিক্তিতে অভিযুক্ত জান্নাতুল বাকীকে ঈশ্বরগঞ্জ উপজেলার নবাবগঞ্জ বাজার থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। 


জান্নাতুল বাকীকে আজ জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


Post a Comment

Previous Post Next Post