আগের সপ্তাহে (১১-১৫ এপ্রিল) শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিনিয়োগকারীদের যে মনোভাব ছিল, বিদায়ী সপ্তাহে (১৮-২২ এপ্রিল) সেই মনোভাব অনেকটা বদলেছে। আগের সপ্তাহে বেশি দরের শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ থাকলেও বিদায়ী সপ্তাহে কম দরের শেয়ারে ঝোঁক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।
পর্যালোচনায় দেখা যায়, আগের সপ্তাহে বেশিরভাগ দিন বিনিয়োগকারীদের কাছে ৬০ টাকা থেকে ১০০ টাকার শেয়ার ছিল বেশি পছন্দের। কিন্তু বিদায়ী সপ্তাহে বেশিরভাগ দিন ৩০ টাকা থেকে ৬০ টাকার শেয়ারে ছিল পছন্দ বেশি। গেল সপ্তাহের লেনদেন তালিকায় ৫০টি কোম্পানির মধ্যে বেশিরভাগ দিন বেশিরভাগই ছিল ৩০-৬০ রেঞ্জের কোম্পানির শেয়ার।
গেল সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে ৩০-৬০ টাকা রেঞ্জের বেশিরভাগ কোম্পানির লেনদেন বেড়েছে। এর মধ্যে রয়েছে বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, লাফার্জহোলসিম, অগ্রণী ইন্সুরেন্স, রিপাবলিক ইন্সুরেন্স, ক্রিস্টাল ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, সামিট পাওয়ার, দেশ ইন্সুরে্ন্স, পিপলস ইন্সুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, ইনডিগো, পাওয়ারগ্রীডসহ আরো কিছু কোম্পানির শেয়ার। বিদায়ী সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টিই ছিল এ রেঞ্জের। কোম্পানিগুলো হলো-বিডি ফাইন্যান্স, লঙ্কাবাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, অগ্রণী ইন্সুরেন্স, সামিট পাওয়ার ও ঢাকা ইন্সুরেন্স।
বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় এর পরের অবস্থানে ছিল ৬০ টাকা থেকে ১০০ টাকার শেয়ারে। যদিও এ রেঞ্জের শেয়ারে বিনিয়োগকারীদের ঝোঁক আগের সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। তবে ব্যতিক্রম ছিল বেক্সিমকো লিমিটেড ও এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স। কোম্পানি দুটিতে আগের সপ্তাহের তুলনায় বিদায়ী সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ অনেক বেড়েছে।
আলোচ্য সপ্তাহে ১০০ টাকার উপরে শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ কমেছে। তবে বেক্সিমকো ফার্মা ও বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকোর শেয়ার ছিল ব্যতিক্রম। এ দুই শেয়ারে আগের সপ্তাহের তুলনায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। তবে অংশগ্রহণ কমেছে গ্রামীণফোন, ওয়ালটন, বার্জার, আইসিবিসহ কয়েকটি বড় মূলধনী শেয়ারের।
