দেশে লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষকে মানবিক সহায়তা দিতে ৫৭২ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার এই বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে।
এ বিষয়ে সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, এক কোটি ২৪ লাখ ৪১ হাজার ৯০০ পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় এ আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে পরিবার প্রতি ৪৫ টাকা কেজি দরে ১০ কেজি চালের সমমূল্য অর্থাৎ কার্ড প্রতি ৪৫০ টাকা হারে আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল ভোর ৬টা থেকে সাতদিনের লকডাউন জারি করে সরকার। এই লকডাউনের মেয়াদ শেষ হবে ১১ এপ্রিল। নিষেধাজ্ঞার কারণে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা ব্যাহত হওয়ায় এমন সিদ্ধান্ত নিল সরকার।
