সারাদিন রোজা রাখার পর ইফতারে চাই এমন খাবার যা শরীরে শক্তি যোগাবে। তেমনি একটি খাবার হচ্ছে ছোলা। যা আপনাদের শক্তি যোগাতে সহায়ক। এছাড়াও ছোলা স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। তবে ছোলা শক্ত এটি খেতে হয় নরম করে।
তাইতো ইফতারে খাওয়ার জন্য সারারাত ছোলা ভিজিয়ে রাখতে হয়। এতে ছোলা নরম হয় এবং রান্না করা সহজ হয়। নইলে এটি রান্না করে খেতে অনেক বেশি সময় ব্যয় হয়ে যায়, আবার ছোলা সিদ্ধও হয় না।
সারাদিন রোজা রেখে কাজের চাপে কিংবা কোনো কারণে ছোলা ভিজিয়ে রাখতে ভুলে গেছেন? বাড়ল চিন্তা! ভাবছেন তাহলে আর ইফতারে ছোলা খাওয়া হবে না। না, ভাবনাটি একদমই ভুল।
একটু মাথা খাটালেই আপনি এই সমস্যার সহজ সমাধান পেয়ে যাবেন। এক্ষেত্রে একটি কৌশল জানা থাকলে ছোলা না ভিজিয়ে রেখেও নরম করতে পারবেন মিনিটেই!
এর জন্য বেশি না, সময় লাগবে মাত্র ৩০ মিনিট। চলুন তবে জেনে নেয়া যাক সেই কৌশলটি-যা যা লাগবে ছোলা ২৫০ গ্রাম, ফুটন্ত গরম পানি দের থেকে ২ লিটার, প্রেসার কুকার।
পদ্ধতি
ছোলা ভালো করে ধুয়ে একটি বড় পাত্রে নিন। তারপর ফুটন্ত গরম পানি ছোলার মধ্যে দিয়ে দিন। পাত্র ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রাখুন।এবার প্রেসার কুকারে ছোলাগুলো পানিসহ দিয়ে দিন।
এমনভাবে পানি দেবেন যেন ছোলা ভালোমতো ডুবে থাকে। প্রেসার কুকার চুলায় বসিয়ে সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করুন। ৩ থেকে ৫ সিটি বাজলেই চুলা নিভিয়ে দিন।
তবে চুলা থেকে কুকার সরাবেন না, সেভাবেই রেখে দিন। সমস্ত বাষ্প নিজে থেকে বের হয়ে যেতে দিন। ব্যস, ছোলা সিদ্ধ হয়ে গেলো। এবার এই সিদ্ধ ছোলা পছন্দমতো রান্না করে নিন।
