ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় নেতাকর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ শনিবার (২৭ মার্চ) সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। বেলা ১২টায় রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তারা। এছাড়া আগামীকাল রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী এই সংগঠনটি। শুক্রবার রাত ৮টায় রাজধানীর পুরানা পল্টনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুর রব ইউসুফী এই ঘোষণা দিয়েছেন।
আবদুর রব ইউসুফী সংবাদ মাধ্যমকে বলেন, হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরীর পক্ষে আমি এই কর্মসূচি ঘোষণা করছি। আবদুর রব ইউসুফী বলেন, ঢাকার বায়তুল মোকাররমে, চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে প্রতিবাদী মুসল্লিদের ওপর পুলিশ ও সরকারি দলীয় ক্যাডার বাহিনী হামলা করে পাঁচনজনকে শহীদ করেছে। অসংখ্য মুসল্লিকে আহত করেছে এবং গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনাইদ আল হাবীব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমী ও সহ সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।।
Tags:
রাজনীতি
