থানা-ভূমি কার্যালয় ভাংচুর ও আগুনের ঘটনায় গ্রেফতার ৪ জন কারাগারে

 

চট্টগ্রামের হাটহাজারীতে থানা ভবন, ভূমি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেফতাররা হলেন মো. কামরুদ্দিন (২৮), আখতার মিয়া (৫৫), বখতিয়ার উদ্দিন (২৩) ও সাদেকী সাঈদ মুছা (১৯)।


বুধবার রাতে তাদের হাটহাজারীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া মাওলানা কামরুদ্দিনের পরিচয় পাওয়া গেলেও বাকি তিনজন সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আফজারুল হক টুটুল বলেন, হাটহাজারীতে থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় চারজনকে আইনের আওতায় আনা হয়েছে।তাদেরকে হাটহাজারীর বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়।


প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরোধিতা করে গত ২৬ মার্চ জুমার নামাজের পর ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। প্রতিবাদে হাটহাজারীতে মাদ্রাসা শিক্ষার্থীরা থানায় হামলা চালালে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। পরে চারজন নিহত হন।


প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, চারজন নিহত হওয়ার জেরে বিক্ষুব্ধ ছাত্ররা হাটহাজারী থানা ভবন, হাটহাজারী ডাকবাংলো, সহকারী কমিশনার (ভূমি) ও সদর ইউনিয়ন ভূমি কার্যালয়ে হামলা চালান। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় হাটহাজারী থানায় সাতটি, পটিয়া থানায় একটিসহ আটটি মামলা হয় ঘটনার চার দিন পর। আর এসব ঘটনায় পুলিশের করা মামলায় আসামি করা হয় অজ্ঞাতপরিচয় ৪ হাজার ৩০০ জনকে। সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো হয়।

Post a Comment

Previous Post Next Post